বগুড়ার আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা অফিসের জানালার লোহার শিক ভেঙে ভেতরে প্রবেশ করে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও মনিটর চুরি করে নিয়ে গেছে।
এ ঘটনায় রোববার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, চোরেরা অফিসের জানালার লোহার শিক ভেঙে ভেতরে প্রবেশ করে তথ্যপ্রযুক্তি সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। পরে অফিসে এসে কর্মকর্তারা চুরির বিষয়টি জানতে পারেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বলেন, “চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করছি।”
এ বিষয়ে আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”