অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদন, বগুড়ার কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদন, বগুড়ার কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬ ০০:২৩
অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদন, বগুড়ার কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক

অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদন, বগুড়ার কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদন এবং বিএসটিআইয়ের সনদ ছাড়াই খাদ্যপণ্য প্রস্তুতের অভিযোগে বগুড়ার একটি দই কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত বগুড়া শহরের ফতেহ আলী বাজার গেট এলাকায় অবস্থিত ‘ঘোষ মিষ্টান্ন ও দই’ কারখানায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে সেই অর্থ আদায় করা হয়েছে।

অভিযানকালে কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এছাড়া বিএসটিআইয়ের সনদ ছাড়াই দই প্রস্তুত করা হচ্ছিল। একই সঙ্গে কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার নিয়ম না মেনে খাদ্য উৎপাদনের কাজ করতে দেখা যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বলেন, “প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অভিযোগ স্বীকার করায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারের প্রচলিত আইন ও বিধি-বিধান মেনে খাদ্য উৎপাদনের নির্দেশনাও দেওয়া হয়েছে।”

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়ের কর্মকর্তা মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে বগুড়া জেলা পুলিশের একটি দল।