অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি, বগুড়ায় কারখানার মালিকের এক বছরের কারাদণ্ড | Daily Chandni Bazar অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি, বগুড়ায় কারখানার মালিকের এক বছরের কারাদণ্ড | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬ ০০:২৪
অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি, বগুড়ায় কারখানার মালিকের এক বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক

অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি, বগুড়ায় কারখানার মালিকের এক বছরের কারাদণ্ড

অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি এবং খাদ্যে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের অভিযোগে বগুড়া শহরের একটি ফুচকা কারখানার মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বগুড়া সদরের চেলোপাড়া এলাকার নবাববাড়ি সড়কে অবস্থিত ‘মুন কাচ্চি অ্যান্ড মুন ফুচকা’ কারখানায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ। তিনি জানান, নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাকিব হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযানকালে কারখানায় অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। ফুচকার ময়দার ডো তৈরির টেবিলে কুকুরের পায়ের ছাপ, কাদা ও ময়লার উপস্থিতি থাকলেও তা পরিষ্কার না করেই খাদ্য প্রস্তুতের কাজ চলছিল। এছাড়া খাদ্য উৎপাদনে নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ ব্যবহার করা হচ্ছিল বলে ভ্রাম্যমাণ আদালত জানিয়েছে।

এ সময় কারখানার কর্মীদের প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার নিয়ম না মেনেই খাদ্য উৎপাদন করতে দেখা যায়। অপরাধের বিষয়গুলো স্বীকার করায় আদালত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারের প্রচলিত আইন ও বিধি-বিধান কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।”

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়ের কর্মকর্তা মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তা ও সহযোগিতায় দায়িত্ব পালন করে বগুড়া জেলা পুলিশের একটি দল।