রেলগেটহীন নারুলী রেলক্রসিং, প্রতিদিন ঝুঁকিতে হাজারো মানুষের পারাপার | Daily Chandni Bazar রেলগেটহীন নারুলী রেলক্রসিং, প্রতিদিন ঝুঁকিতে হাজারো মানুষের পারাপার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬ ০১:১১
রেলগেটহীন নারুলী রেলক্রসিং, প্রতিদিন ঝুঁকিতে হাজারো মানুষের পারাপার
আল- মামুনঃ

রেলগেটহীন নারুলী রেলক্রসিং, প্রতিদিন ঝুঁকিতে হাজারো মানুষের পারাপার

প্রতীকি ছবি- AI Generated.

বগুড়া মহানগরে নারুলী এলাকার একটি গুরুত্বপূর্ণ রেলক্রসিং দীর্ঘদিন ধরে রেলগেট ও গেটম্যানবিহীন অবস্থায় রয়েছে। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করছেন হাজারো পথচারী, শিক্ষার্থী এবং বিভিন্ন ধরনের যানবাহনের চালক। স্থানীয়দের অভিযোগ, যে কোনো সময় এখানে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, রেলক্রসিংটির আশপাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা, কবরস্থান ও ঈদগাহ মাঠ রয়েছে। এসব প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য প্রতিদিন শত শত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, মুসল্লি ও সাধারণ মানুষকে এই রেলপথ অতিক্রম করতে হয়। পাশাপাশি এটি একটি ব্যস্ত সড়কের সঙ্গে সংযুক্ত হওয়ায় সারাদিন রিকশা, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চলাচল অব্যাহত থাকে।
এলাকাবাসীর অভিযোগ, ক্রসিংটিতে কোনো রেলগেট, গেটম্যান কিংবা কার্যকর সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের উদ্বেগ দিন দিন বাড়ছে। অনেক সময় ট্রেন আসার আগাম সংকেত না থাকায় পথচারী ও যানবাহন চালকদের চরম ঝুঁকি নিয়ে রেললাইন পার হতে হয়।
স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে জনমনে উৎকণ্ঠা আরও বাড়ছে।
সচেতন নাগরিকদের মতে, দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগাম নিরাপত্তা নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব। তাই নারুলী রেলক্রসিংয়ে দ্রুত স্থায়ী রেলগেট স্থাপন, গেটম্যান নিয়োগ, সতর্কতামূলক সাইনবোর্ড ও সাইরেন স্থাপনসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এছাড়া সংশ্লিষ্ট প্রকৌশল ও নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের দ্রুত সরেজমিন পরিদর্শনের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের প্রশ্ন, আর কতদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হবে? কোনো বড় দুর্ঘটনার পরই কি নড়েচড়ে বসবে কর্তৃপক্ষ, নাকি তার আগেই নিশ্চিত করা হবে জননিরাপত্তা?
জনস্বার্থে নারুলী রেলক্রসিংয়ে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।