নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে প্রথমবারের মতো জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বিভিন্ন সরকারি দপ্তর এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের ত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ প্রেরণা হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনের চেতনা ও শহীদদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তাদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা পরিবারের সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।