বগুড়া সদরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নির্যাতনের শিকার ওই নারী বর্তমানে প্রায় তিন মাসের অন্তঃসত্ত্বা।
মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার ফাঁপোড় পূর্বপাড়া এলাকা থেকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় অপর এক অভিযুক্ত পলাতক রয়েছেন।
আটক ব্যক্তিরা হলেন—ফাঁপোড় পূর্বপাড়া গ্রামের আজিজুল সোনারের ছেলে আলমগীর হোসেন ও মৃত আকবর আলীর ছেলে শহিদুল ইসলাম। পলাতক অভিযুক্ত হলেন একই এলাকার মৃত লাল চান ফকিরের ছেলে ও বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পিয়ন মাহবুবুর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী মাদক মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন। এ সুযোগে অভিযুক্ত ব্যক্তিরা ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এর একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বলে স্থানীয়দের দাবি।
সম্প্রতি ভুক্তভোগী নারীর স্বামী জামিনে মুক্ত হয়ে বাড়িতে ফেরেন। স্ত্রীর শারীরিক পরিবর্তন দেখে বিষয়টি জানতে চাইলে তিনি নির্যাতনের কথা জানান বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত দুজনকে আটক করে পুলিশে খবর দেন।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। পলাতক অপর অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
তিনি আরও বলেন, ভুক্তভোগী বা তাঁর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।