প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬ ০০:৪৯
দলিল লেখক সমিতির নির্বাচনে ছোরা প্রদর্শন, ভাইরাল সেই রনি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় দলিল লেখক সমিতির নির্বাচনে ছোরা প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টির ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া মো. মাসুদ পারভেজ রনিকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৩ জুলাই বগুড়া সাব-রেজিস্ট্রি অফিসে বাংলাদেশ দলিল লেখক সমিতি, বগুড়া সদর শাখার নির্বাচনের সময় রনি ছোরা হাতে উপস্থিত লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনার ভিডিও ও সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এরপর শনিবার (২৫ জুলাই) বগুড়া জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শাহজাহানপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে মাসুদ পারভেজ রনিকে গ্রেফতার করে।
পরে রনির দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া মহানগরের নাটাইপাড়া এলাকা থেকে ঘটনায় ব্যবহৃত ছোরাটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।