উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়াকে স্বতন্ত্র বিভাগ হিসেবে বাস্তবায়নের পথে আশার আলো দেখা যাচ্ছে। জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ ও গাইবান্ধা—এ চার জেলার সংসদ সদস্য ও মন্ত্রীরা বগুড়াকে পৃথক বিভাগ করার প্রস্তাবে পূর্ণ সমর্থন জানিয়েছেন।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় বগুড়া জেলা প্রশাসন অডিটোরিয়ামে ‘বগুড়া জেলা ও বগুড়া সিটি করপোরেশনের সমন্বিত উন্নয়ন’ বিষয়ক মতবিনিময় সভায় এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “চার জেলার সব এমপি ও মন্ত্রীরা অকুণ্ঠ সমর্থন দিয়েছেন যাতে বগুড়ায় নতুন একটি বিভাগ হয়। চার জেলা নিয়ে যদি সিলেট, বরিশাল বা ফরিদপুরের মতো বিভাগ থাকতে পারে, তবে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব হিসেবে বগুড়া অবশ্যই একটি বিভাগ হতে পারে।”
প্রতিবেশী চার জেলার সংসদ সদস্যদের স্বেচ্ছায় সমর্থনের কারণে প্রধানমন্ত্রীর পক্ষে এটি বাস্তবায়ন সহজ হবে বলে তিনি উল্লেখ করেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সভায় উপস্থিত প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও জানান, দ্বিতীয় যমুনা সেতু গাবতলী-সারিয়াকান্দি-মাদারগঞ্জ হয়ে টাঙ্গাইলে যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যা ঢাকার সঙ্গে সময় ও অর্থনৈতিক দূরত্ব কমাবে। শহরের মধ্য দিয়ে চলা রেললাইনের যানজট নিরসনে ওভারপাস সড়ক এবং নিচ দিয়ে ট্রেন চলাচলের নকশা চূড়ান্তের কাজ চলছে।
আইনশৃঙ্খলা ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধিতে বগুড়া জেলার থানাগুলোর জন্য অন্তত ২০টি নতুন পুলিশের গাড়ি সরবরাহের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গাবতলী ও আদমদীঘির পাশাপাশি বাকি ১০টি থানাকে মডেল থানায় রূপান্তরের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ডিও লেটার দেওয়া হয়েছে। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষের (বিডিএ) খসড়া আইন মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পেয়েছে এবং সিটি করপোরেশনকে মেট্রোপলিটন পুলিশিংয়ের আওতায় আনার কাজ এগোচ্ছে।
বগুড়ার পরিকল্পিত রূপরেখা তৈরিতে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন ও উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হচ্ছে। ২০০৮ সালের পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) সংশোধন করে নতুন ঠিকাদারদের কাজের সুযোগ দেওয়া হচ্ছে। সংশোধিত বিধিমালা আগামী ১৫ দিনের মধ্যে জারি হবে বলে তিনি জানান।
জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বগুড়া-১ থেকে ৭ আসনের সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য, রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসাইনসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।