মাটিডালিতে বাসের ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত | Daily Chandni Bazar মাটিডালিতে বাসের ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬ ২৩:০৫
মাটিডালিতে বাসের ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত
নিজস্ব প্রতিবেদক

মাটিডালিতে বাসের ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত

বগুড়া মহানগরের মাটিডালিতে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় নাজমুল হুদা রতন (৫৬) নামে এক কলেজ অধ্যক্ষ নিহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া সদর উপজেলার মাটিডালি বিমান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হুদা রতন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি উপজেলার উলিপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, মেয়ের লেখাপড়ার জন্য কিছুদিন ধরে নাজমুল হুদা রতন বগুড়া শহরের ফুলবাড়ি মহিলা কলেজ এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

নিহতের চাচা বাঘোপাড়ার বাসিন্দা মাসুম আহমেদ জানান, সোমবার সকালে মহিমাগঞ্জ কলেজে যাওয়ার উদ্দেশ্যে মাটিডালি বিমান মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন নাজমুল হুদা রতন। এ সময় একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, নিহতের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাসটি শনাক্তে পুলিশ কাজ করছে।