বগুড়ার ধুনটে যুবলীগের সাবেক নেতাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—ধুনট পৌর যুবলীগের সাবেক সভাপতি ও সদরপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে সোহরাব হোসেন (৪৪) এবং সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার রৌহাবাড়ি এলাকার ঠান্ডু মিয়ার ছেলে ফজলুল হক (৩৪)।
পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক কেনাবেচার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ফজলুল হককে ২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোহরাব হোসেনকে আটক করা হয়।
পুলিশের তথ্যমতে, সোহরাব হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, মাদক, জুয়া ও নাশকতাসহ ১১টি মামলা রয়েছে। এর আগেও তিনি একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পেয়েছিলেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।