বগুড়ার সারিয়াকান্দিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মোসলেম উদ্দিন প্রামাণিক নামে এক সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোসলেম উদ্দিন (৬২) সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের চর পাকুড়িয়া এলাকার মৃত আবদুল মান্নান প্রামাণিকের ছেলে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ছয়জনকে আটক করেছে। আটকরা হলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর শুভগাছা এলাকার হায়দার আলী খান (৭০) ও গিয়াস আলী খান (৭৫) এবং সারিয়াকান্দির চর পাকুড়িয়া এলাকার মিন্টু সরকার (৫৬), সুজন মন্ডল (৩২), মোখলেছুর রহমান (৫৫) ও সোহেল সরকার (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চর পাকুড়িয়া গ্রামের নান্টু সরকারের সঙ্গে মোসলেম উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার রাত ৮টার দিকে পাকুড়িয়া বাজার থেকে চা পান করে বাড়ি ফেরার পথে নান্টু সরকারের নেতৃত্বে একদল লোক তার পথরোধ করে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে আঘাত করলে মোসলেম উদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ভাই ও কাজলা ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান আলী বলেন, “আমার ভাই শান্ত স্বভাবের মানুষ ছিলেন। গোচারণভূমি বিক্রিকে কেন্দ্র করে নান্টু সরকারের লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই তাকে একা পেয়ে হামলা করা হয়েছে।”
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান রয়েছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।