উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিতে শনিবার বগুড়ায় আসছেন তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রী | Daily Chandni Bazar উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিতে শনিবার বগুড়ায় আসছেন তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ আগস্ট, ২০২৬ ০০:২৫
উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিতে শনিবার বগুড়ায় আসছেন তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিতে শনিবার বগুড়ায় আসছেন তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রী

 উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রকল্প পরিদর্শন ও মতবিনিময়সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিতে আগামী শনিবার (৮ আগস্ট) বগুড়া সফরে আসছেন সাতটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বাণিজ্য মন্ত্রীর একান্ত সচিব ফখরুদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর একান্ত সচিব হাবিবুল হাসান রুমি এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর একান্ত সচিব তাসনিমুজ্জামান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

সফরকালে তারা বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। পাশাপাশি বগুড়া শাহ ফতেহ আলী সেতুর উদ্বোধন, শাকপালা পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বগুড়া সড়ক জোনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

এ ছাড়া তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রস্তাবিত বিসিক শিল্প পার্কের স্থান পরিদর্শন করবেন এবং বিসিকের শিল্প উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। সভায় শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, বিনিয়োগের পরিবেশ এবং স্থানীয় অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

তিন মন্ত্রীর সফরকে কেন্দ্র করে বগুড়ার বিভিন্ন সরকারি দপ্তরে প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও সফরকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে।