সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নওগাঁর আত্রাই উপজেলার সাত বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তারা সবাই ওই কারখানায় কর্মরত ছিলেন।
রোববার (৯ আগস্ট) সৌদি আরবের ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার দিকে সাত বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
নিহত সাতজনের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুজন এবং পারকাসুন্দা গ্রামের একজন রয়েছেন।
ইউএনও মো. মনিরুজ্জামান জানান, এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের পরিচয় ও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
এদিকে, অগ্নিকাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় অনেককে ১৫, ১৭ ও ১৯ জন নিহত হওয়ার তথ্য দিয়ে পোস্ট করতে দেখা গেছে। তবে এসব দাবির সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
একই উপজেলার সাত প্রবাসীর মৃত্যুর খবরে আত্রাইজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। প্রিয়জনদের মরদেহ দেশে ফেরানোর অপেক্ষায় রয়েছেন নিহতদের স্বজনেরা।