বগুড়ার শেরপুরে গাছ কেটে পাখির বাসা, ডিম ও ছানা নষ্ট করার মামলায় আজাহার আলী (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রামনগর গ্রামে আজাহারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আজাহার বাড়ির দেয়াল টপকে পাশের জঙ্গলে পালিয়ে যান। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রামনগর গ্রামে আজাহার আলী তার ব্যক্তিগত জমিতে থাকা সাতটি জলপাই ও পীতরাজগাছ কেটে ফেলেন। এসব গাছে পরিযায়ী শামুকখোলসহ বিভিন্ন প্রজাতির পাখি বাসা বেঁধেছিল। গাছ কাটার সময় বাসাগুলো মাটিতে পড়ে পাখির ডিম ও ছানা নষ্ট হয়।
এ ঘটনায় বন বিভাগের শেরপুর রেঞ্জের কর্মকর্তা সালাহ উদ্দিন পারভেজ বাদী হয়ে গত মঙ্গলবার রাতে শেরপুর থানায় মামলা করেন। মামলায় আজাহার আলীকে একমাত্র আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন বলেন, ‘মামলা করার পর তদন্তে গাছ কেটে পাখির বাসা ও ডিম নষ্ট করার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় নষ্ট হওয়া জিনিসপত্রের আলামত সংগ্রহ করা হয়েছে।’
স্থানীয় পরিবেশবাদী সংগঠন পরিবেশ প্রতিরক্ষা সংস্থার সভাপতি সোহাগ রায় বলেন, রামনগর গ্রামের বিভিন্ন গাছে পরিযায়ী শামুকখোলসহ নানা প্রজাতির পাখি বাসা বাঁধে। এ কারণে এলাকাটি ‘পাখি কলোনি’ নামে পরিচিত। গত ৮ আগস্ট গাছ কাটার সময় পাখির বাসা মাটিতে পড়ে অনেক ডিম নষ্ট ও ছানা মারা যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়।