বগুড়ার শাজাহানপুরে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর পর নিখোঁজ থাকা এক যুবকের অর্ধগলিত লাশ একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার মাদলা ইউনিয়নের রামচন্দ্রপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন (প্রায় ৩০) ওই এলাকার আব্দুল জলিলের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বাড়ির লোকজন সেখানে গিয়ে মেঝেতে একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরিবারের সদস্যরা জানান, গত ১৭ আগস্ট রাতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে পুলিশের ধাওয়া খেয়ে বাড়ি থেকে পালিয়ে যান মনির। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
বাড়ির মালিক আছিয়া বেগম বলেন, তাঁর স্বামী ও বড় ছেলে দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। তিনিও কয়েকদিন আগে বাবার বাড়িতে গিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ছাগলের ঘর পরিষ্কার করতে এসে পাশের পরিত্যক্ত ঘর থেকে তীব্র দুর্গন্ধ পান। পরে সেখানে গিয়ে মেঝেতে লাশ পড়ে থাকতে দেখেন।
মনিরের মা মনোয়ারা বেগম ও বাবা আব্দুল জলিল বলেন, ১৭ আগস্ট রাতে মনির একটি ইয়াবা ট্যাবলেট নিয়ে বাড়িতে আসেন। রাত সোয়া ২টার দিকে পুলিশ বাড়িতে এলে তিনি অন্য একটি দরজা দিয়ে পালিয়ে যান। পুলিশ একটি ইয়াবা ট্যাবলেট নিয়ে যায়। এরপর থেকে মনিরের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
তাঁরা আরও জানান, মনির দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
স্থানীয় বাসিন্দা আইয়ুব আলী বলেন, মনির বাজারে সবজি বিক্রি করতেন। পাশাপাশি তিনি ইয়াবা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়দের জানা ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে তিনি পরিত্যক্ত ঘরটিতে আশ্রয় নিয়ে থাকতে পারেন।
ঘটনাস্থলে থাকা শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা বলেন, তীব্র দুর্গন্ধের কারণে মরদেহের কাছে যাওয়া কঠিন হয়ে পড়েছে। পরিবারের সদস্যরা মরদেহটি মনিরের বলে শনাক্ত করেছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।