রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল শুরু কাল, খেলবে বিদেশী ফুটবলারও | Daily Chandni Bazar রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল শুরু কাল, খেলবে বিদেশী ফুটবলারও | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬ ০০:২৩
রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল শুরু কাল, খেলবে বিদেশী ফুটবলারও
মোঃ ফয়সাল আলম, রাজশাহী

রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল শুরু কাল, খেলবে বিদেশী ফুটবলারও

জেলা প্রশাসন ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে রাজশাহী  মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আগামীকাল শনিবার থেকে ৯টি উপজেলা ও ১টি সিটি কর্পোরেশন ফুটবল দল নিয়ে শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

টুর্নামেন্টে  অংশগ্রহণকারী উপজেলা  দলগুলো হলো মোহনপুর, গোদাগাড়ী, বাগমারা, পবা, দুর্গাপুর,তানোর,বাঘা, পুঠিয়া ও চারঘাট।এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণ করবে রাজশাহী  সিটি কর্পোরেশন ফুটবল দল।

শনিবার বিকেল ৩টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু এমপি।

উদ্বোধন শেষে  উদ্বোধনী ম্যাচে রাজশাহী সিটি করপোরেশন ফুটবল দল বাগমারা উপজেলা ফুটবল দলের মুখোমুখি হবে।  জয়ের ব্যাপারে উভয় দলের কোচই আশাবাদ ব্যক্ত করেছেন। রাজশাহী সিটি করপোরেশনের ক্রীড়া কর্মকর্তা ও ফুটবল দলের প্রধান কোচ শ্যামল পারভেজ শিমুল জানান,তাঁরা এবার বেশ ভালো একটি দল গঠন করেছেন। তাঁর দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় রয়েছে। দলের শক্তি আরও বাড়ানোর জন্য তাঁরা তিনজন নাইজেরিয়ান ফুটবলারকে দলভুক্ত করেছেন। উদ্বোধনী ম্যাচেই তাঁরা খেলবেন বলে নিশ্চিত করেছেন তিনি। দলের প্রধান কোচ শিমুল আরও জানান,তাঁর দল প্রায় এক মাস ধরে  রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করছে। দলের সহকারী কোচ সোহাগ হোসেন পলাশও উদ্বোধনী ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি বলেন,দলের খেলোয়াড়েরা নিয়মিত অনুশীলন করছে।

বাগমারা উপজেলা ফুটবল দলের কোচ জুয়েল জানান,জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল  টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য তাঁরা বেশ শক্তিশালী দল গঠন করেছেন। তবে তাঁর দলে কোন বিদেশি ফুটবলার নাই বলে জানান তিনি। তাঁর দল গত প্রায় ১৫ দিন ধরে বাগমারার একটি স্কুল মাঠে নিয়মিত অনুশীলন করছে। উদ্বোধনী ম্যাচটি বেশ জমজমাট হবে বলেই তাঁর ধারণা।

এদিকে টুর্নামেন্ট উপলক্ষে বৃহস্প্রতিবার (২০ আগস্ট) রাজচাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। 

প্রেস ব্রিফিংয়ে  রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার,তরুণ খেলোয়াড়দের প্রতিভা অন্বেষণ ,মাদক ও মোবাইল ডিজিটাল আসক্তি থেকে তরুণদের মাঠমুখী করা ও রাজশাহীর ক্রীড়াঙ্গনের ঐতিহ্য পুনরুজ্জীবিত করাই হচ্ছে এ  টুর্নামেন্টের লক্ষ্য। জেলা প্রশাসক বলেন, টুর্নামেন্ট আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

রাজশাহী জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন জানান,সাংবাদিকদের জন্য প্রেস বক্স থাকবে। সেখান থেকে সাংবাদিকরা খেলা উপভোগ করতে ও সংবাদ সংগ্রহ করতে পারবেন।

এদিকে টুর্নামেন্টকে সামনে রেখে মুক্তিষুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের মাঠের ঘাস কেটে মাঠটিকে ফুটবল খেলার উপযোগী করে তোলা হয়েছে। সৌন্দর্য বর্ধনের জন্য গ্যালারী রং করা হয়েছে।