প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬ ১৯:১৪
বগুড়ায় ইয়েস বিডির ক্যাম্পাস টু ক্যারিয়ার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার
স্মার্ট ক্যারিয়ার গঠনের লক্ষ্যে বগুড়ায় শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাস টু ক্যারিয়ার শীর্ষক ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়েছে। ইয়েস বিডির আয়োজনে শনিবার সকাল থেকে শহরের জান ই সাবা হাউজিং কমপ্লেক্সে অনুষ্ঠিত এই আয়োজনে প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক নজরুল ইসলাম।
ইয়েস বিডির চেয়ারম্যান প্রকৌশলী ফজলুল বারির সভাপতিত্বে অনুষ্ঠানে ক্যাম্পাস টু ক্যারিয়ারের উপর বিশ্বের সেশন পরিচালনা করেন ইয়েস বিডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারিয়া চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাখেন ইয়েস ইনস্টিটিউট অফ টেকনোলজি'র অধ্যক্ষ মুহা: মাহমুদুর রহমান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইয়েস বিডির পরিচালক যথাক্রমে সেলিনা আক্তার চম্পা এবং তাসাদ্দূক হুসাইন। ব্যতিক্রমী এই আয়োজনে ক্যাম্পাস টু ক্যারিয়ারের অভিজ্ঞতা বর্ণনা করেন শিক্ষার্থী যথাক্রমে মনিরুল ইসলাম লাবিব, মোস্তাকিম আজাদ মঈন, শিপন মন্ডল, মিফতাউল হাসান, খাদিজা বাসারাত লুসা, সুমাইয়া জান্নাত জিম ও ফাহিম মহলদার। প্রতিষ্ঠানটির ৫ম বছরে পদার্পণে একই দিন বিকেলে উদ্যোক্তাদের নিয়ে এন্টারপ্রেনারশিপ প্রোগ্রামেরও আয়োজন করা হয়। উদ্যোক্তাদের নিয়ে ২য় পর্বের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল এবং স্বাগত বক্তব্য রাখেন ইয়েস বিডির উপদেষ্টা অধ্যাপক খলিলুর রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শাহানা ইয়াসমিন লাকি, রেজাউল করিম রাজু, সেলিনা আক্তার চম্পা, আশরাফিজ জিন্নাত, নুসরাত জাহান এবং উপদেষ্টা মাঈনুল হাসান। চাকরির পিছনে না ছুটে নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে স্বনির্ভর ব্যবসা শুরু করা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন দিশারী ফুড এন্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক এম রহমান সাগর, ইয়েস বিডির উপদেষ্টাবৃন্দ যথাক্রমে ড. মো: আব্দুস সালাম ও শহীদুজ্জামান শহীদ।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের টাইম এন্ড মানি ম্যানেজমেন্ট, নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণসহ নিজেদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ে একাধিক সেশন পরিচালনা করা হয়। এছাড়াও দ্বিতীয় পর্বে কিভাবে একজন ব্যক্তি নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবেন সে নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সৃজনশীল এই আয়োজন প্রসঙ্গে ইয়েস বিডির প্রতিষ্ঠাতা সিইও জাকারিয়া চৌধুরী এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ নেকটার বগুড়ার সাবেক ভারপ্রাপ্ত পরিচালক মুহা: মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশের সিংহভাগ জনগোষ্ঠী আমাদের তরুণ প্রজন্ম। জনসংখ্যা কে জনশক্তিতে রূপান্তরিত করা গেলেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ। তারা বলেন আমাদের দেশে কর্মের অভাব নেই, অভাব রয়েছে দক্ষ কর্মীর। তাই তারা দক্ষ কর্মী তৈরিতে কাজ করে যাচ্ছেন। পাঠ্যপুস্তকের জ্ঞানের বাহিরে একজন শিক্ষার্থী যদি নিজেকে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে পরিপূর্ণভাবে তৈরি করতে না পারে তাহলে চাকরির বাজারে পিছিয়ে পরাটায় স্বাভাবিক। তাই তারা বেসিক ও অ্যাডভান্সড কোর্সে কম্পিউটার ও ইংরেজি ভাষা প্রশিক্ষণের ব্যবস্থাসহ একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব গঠনে একাধিক সৃজনশীল প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। যে ধারাবাহিকতায় তারা বিগত ৫ বছরে পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী ও এক হাজার উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়েছেন যার মাঝে ৮০ শতাংশই ছিল নারী। দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ক্যাম্পাস থেকেই যেন একজন শিক্ষার্থী তার ক্যারিয়ার গঠন করতে পারেন সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন।