এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় নিজ প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে না পারা ৪৮ শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে তাঁরা এ কর্মসূচি শুরু করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ চলছিল।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ষষ্ঠ শ্রেণি থেকে তাঁরা এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে আসছেন। এসএসসি পরীক্ষার ফলাফলের কারণে দীর্ঘদিনের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা হতাশ। তাই ভর্তির ন্যূনতম যোগ্যতা পুনর্বিবেচনা করে নিজ প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ দেওয়ার দাবি জানান তাঁরা।
জানা গেছে, ভর্তির সুযোগ নিশ্চিত করার দাবিতে ৪৮ শিক্ষার্থীর অভিভাবকেরা এর আগে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেন। একই সঙ্গে কলেজ কর্তৃপক্ষের কাছেও ভর্তির বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান। কোনো সমাধান না হওয়ায় রোববার তাঁরা সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন।
কলেজ সূত্রে জানা যায়, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে চলতি বছর ১০১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১০০ জন উত্তীর্ণ হন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫২ জন। একাদশ শ্রেণিতে ভর্তির ন্যূনতম যোগ্যতা জিপিএ-৫ নির্ধারণ করায় বাকি ৪৮ শিক্ষার্থী নিজ প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় পড়েছেন।
এ বিষয়ে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল কালাম আজাদ বলেন, ‘কলেজে প্রতিবছর ভর্তির চাপ বাড়ছে। উত্তরাঞ্চলের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে আগ্রহী। ভর্তির ক্ষেত্রে সরকারি নীতিমালার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’