বগুড়ার গাবতলীতে ইজিবাইকের পথরোধ করে এক গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বুধবার তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বালিয়াদীঘি ইউনিয়নের মালিয়ানডাঙ্গা গ্রামের রাকিবুল হাসান শাকিল (২৬), রকি মিয়া (২৭), জিহাদ মণ্ডল (২৪), ইমরান ইসলাম (২২) ও আলামিন ফকির (২৪)।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর ওই গৃহবধূ তাঁর সাত বছর বয়সী মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। মেয়েকে সেখানে রেখে বিকেলে তিনি একা ইজিবাইক ভাড়া করে ঘুরতে বের হন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বালিয়াদীঘি ইউনিয়নের তরনীহাট-কাইনচাগাড়ি ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে আগে থেকে সেখানে থাকা পাঁচ যুবক তাঁর নাম, পরিচয় ও ঠিকানা জানতে চান।
অভিযোগ অনুযায়ী, ওই নারী কোনো উত্তর না দিয়ে ইজিবাইক নিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে যুবকেরা পথরোধ করেন। এ সময় ইজিবাইকচালকের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে চালককে মারধর করা হয়। চালককে রক্ষা করতে এগিয়ে গেলে ওই গৃহবধূকেও মারধর করা হয়। পরে তাঁকে শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ওই নারী চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকতে থাকলে অভিযুক্তরা তাঁকে মামলা না করার জন্য ভয়ভীতি ও হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। পরে তিনি সেখান থেকে চলে গিয়ে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন। রাতে স্বামী বাসায় ফিরলে তাঁকে ঘটনাটি জানান।
পরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে মঙ্গলবার রাতে গাবতলী মডেল থানায় পাঁচ যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ওই গৃহবধূ। অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পর পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, “এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”