নারী ফুটবলে রাজশাহীর আঞ্চলিক চ্যাম্পিয়ন বগুড়ার রক্সি ফুটবল একাডেমি | Daily Chandni Bazar নারী ফুটবলে রাজশাহীর আঞ্চলিক চ্যাম্পিয়ন বগুড়ার রক্সি ফুটবল একাডেমি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ অক্টোবর, ২০২৬ ০১:৩৮
নারী ফুটবলে রাজশাহীর আঞ্চলিক চ্যাম্পিয়ন বগুড়ার রক্সি ফুটবল একাডেমি
মোঃ ফয়সাল আলম, রাজশাহী

নারী ফুটবলে রাজশাহীর আঞ্চলিক চ্যাম্পিয়ন বগুড়ার রক্সি ফুটবল একাডেমি

রাজশাহীতে প্রথম আলো ও স্টার নিউজের যৌথ উদ্যোগে আয়োজিত নারী ফুটবল টুর্নামেন্টে বগুড়ার রক্সি ফুটবল একাডেমি আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় সারা দেশের ন্যায় রাজশাহীতেও এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বুধবার (৩০) সেপ্টেম্বর সকাল থেকে শুরু করে  দিনব্যাপী  টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়।

বিকেলে রাজশাহী অঞ্চলের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে বগুড়ার রক্সি ফুটবল একাডেমি ২-১ গোলে চাঁপাইনবাবগঞ্জের শহীদ বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার ক্রীড়া একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে আঞ্চলিক ফাইনালটি জমে ওঠে। নবম মিনিটে পাপিয়া আক্তারের গোলে এগিয়ে যায় বগুড়ার রক্সি। প্রথম গোল করার আনন্দে রক্সির খেলোয়াড়রা আনন্দে মেতে উঠলেও আনন্দ বেশীক্ষণ  ধরে রাখতে পারেনি তারা।

তিন মিনিট পর চাঁপাইনবাবগঞ্জের শহীদ বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার ক্রীড়া একাডেমির নুরীনা বেগম গোল করলে ম্যাচে ফিরে আসে চাঁপাইনবাবগঞ্জ। বিরতির অল্প কিছু সময় আগে ৩৫ মিনিটে আলেফা আক্তার রক্সির হয়ে দ্বিতীয় গোলটি করেন।

বিরতির পর বগুড়া যেমন গোল ব্যবধান বাড়ানোর সুযোগ পায় ঠিক তেমনি চাঁপাইনবাবগঞ্জ দল গোল পরিশোধেরও সুযোগ পায়। কিন্তু কোনো দলই আর কোনো গোল করতে না পারায় ম্যাচের ফলাফল অপরিবর্তিত থাকে।

এর আগে দুপুরে দ্বিতীয় আঞ্চলিক সেমিফাইনালে চাঁপাইনবাবগঞ্জের শহীদ বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার ক্রীড়া একাডেমি ৩-০ গোলে রাজশাহীর ফিরোজ কবির ফুটবল একাডেমিকে হারায়। দুটি গোল করে ম্যাচসেরা হন জয়ী দলের আঁখি আক্তার।

সকালে দিনের প্রথম আঞ্চলিক সেমিফাইনালে জয়পুরহাটের সানরাইজ ফুটবল একাডেমিকে ৪–০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দেয় রক্সি ফুটবল একাডেমি। সেই ম্যাচে দুর্দান্ত খেলে ম্যাচসেরা নির্বাচিত হয়েছিলেন রক্সির আলেফা আক্তার। আর বিকেলের ফাইনালে গোল করে ম্যাচসেরার পুরস্কার জেতেন পাপিয়া আক্তার।

এর আগে সকালে বেলুন ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ সময় প্রথম আলোর রাজশাহী  প্রতিনিধি মোঃ আবুল কালাম আজাদ, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাদ্দেদ জামানী সুমন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক সহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।

ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন আগত অতিথিরা।