আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ছাত্রদল কর্মীর কবজি বিচ্ছিন্নের দাবি | Daily Chandni Bazar আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ছাত্রদল কর্মীর কবজি বিচ্ছিন্নের দাবি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ অক্টোবর, ২০২৬ ০০:১০
আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ছাত্রদল কর্মীর কবজি বিচ্ছিন্নের দাবি
চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ছাত্রদল কর্মীর কবজি বিচ্ছিন্নের দাবি

ফেনীর সোনাগাজীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আসিফ (২০) নামে এক ছাত্রদল কর্মী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় সাফায়াত নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাদামতলী বাজারসংলগ্ন স্লুইস গেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রাম এবং পর্যটন ও শিল্প এলাকা মুহুরী প্রজেক্টে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা শাহীন ও সেলিমের অনুসারীদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে বুধবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে শাহীন পক্ষের আসিফ গুরুতর আহত হন। তাঁর বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়েছে বলে একটি পক্ষ দাবি করেছে। তবে স্থানীয় আরেকটি সূত্রের দাবি, কবজি নয়, তাঁর হাতের কয়েকটি আঙুল বিচ্ছিন্ন হয়েছে।

সংঘর্ষের পর স্থানীয়রা আসিফকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আসিফের ভাই আবদুল হামিদ সাকিব বাদী হয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) সোনাগাজী মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।

এদিকে হামলার ঘটনায় সাফায়াত নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহীন ও সেলিম পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আসিফের আঘাতের সুনির্দিষ্ট ধরন এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।