বগুড়ায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) লাইসেন্স ছাড়া বিস্কুট, ব্রেড ও কেক উৎপাদনের অভিযোগে দুটি বেকারিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বগুড়া শহরের ইয়াকুবিয়া মোড় এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআইয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, অভিযানে লাইসেন্স ছাড়া বিস্কুট, ব্রেড ও কেক উৎপাদনের দায়ে বেক হাউজ লাইভ বেকারিকে বিএসটিআই আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে ফিউশন হাব লাইভ বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল। এ সময় বিএসটিআইয়ের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রান্তজিত সরকার এবং ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
বিএসটিআইয়ের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. জহুরুল হক বলেন, জনস্বার্থে পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজালবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।