বগুড়ায় মহিলা কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন এমপি বাদশা | Daily Chandni Bazar বগুড়ায় মহিলা কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন এমপি বাদশা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬ ০১:৪০
বগুড়ায় মহিলা কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন এমপি বাদশা
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় মহিলা কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন এমপি বাদশা

বগুড়ার সরকারি মজিবর রহমান ভাণ্ডারী মহিলা কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি সততা, দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্বশীলতার চর্চা করতে হবে। নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধিন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির এবং কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মাসুদ ইকবাল।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. বেল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এ কে এম তৌহিদুল আলম মামুন, কলেজের সাবেক ভিপি ও জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিহার সুলতানা তিথি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, কলেজের সাবেক ভিপি শামিমা আকতার পলিন ও বেলা, জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান এবং সাধারণ সম্পাদক পলাশ।

এ ছাড়া উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব রাফিউল ইসলাম, সরকারি মজিবর রহমান ভাণ্ডারী মহিলা কলেজ শাখার সভাপতি পারভীন আক্তার জিম, সাধারণ সম্পাদক তিতলি তাবাসসুমসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক ভর্তি কমিটির আহ্বায়ক ড. মীর ত্বাইফ মামুন মজিদ।

বক্তারা বলেন, উচ্চমাধ্যমিক পর্যায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে হবে। জীবনের লক্ষ্য নির্ধারণ করে অধ্যবসায় ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য তাঁরা নবীন শিক্ষার্থীদের পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. বেল্লাল হোসেন নবীন শিক্ষার্থীদের কলেজের নিয়মকানুন মেনে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ এবং শিক্ষকদের নির্দেশনা অনুসরণের আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং শিক্ষাজীবনে কলেজের সুনাম অক্ষুণ্ন রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

নবীনবরণ অনুষ্ঠান ঘিরে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীরা তাদের উচ্চমাধ্যমিক শিক্ষাজীবনের নতুন অধ্যায় শুরু করে।