বগুড়ার সারিয়াকান্দিতে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar বগুড়ার সারিয়াকান্দিতে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬ ০১:৪১
বগুড়ার সারিয়াকান্দিতে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার সারিয়াকান্দিতে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ার সারিয়াকান্দিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই লোগো ব্যবহার এবং নিষিদ্ধ পণ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার বড় কুতুবপুর ও উপজেলা রোড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক নির্দেশনায় অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বড় কুতুবপুর এলাকার ‘রুপা ব্রেড অ্যান্ড বিস্কুট’ কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতে রেখে পাউরুটি তৈরি করতে দেখা যায়। এ ছাড়া বিএসটিআইয়ের লাইসেন্স না থাকা সত্ত্বেও লোগো ব্যবহার এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে বিস্কুট ও কেক বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। কারখানার খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও অভিযানে উঠে আসে।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, উপজেলা রোড এলাকার ‘গোল্ডেন ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে’ খাবারে নিষিদ্ধ কেওড়াজল ব্যবহার এবং নিষিদ্ধ ঘোষিত এনার্জি ড্রিংকস রেড বুল বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল। অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল।

জনস্বাস্থ্য সুরক্ষা এবং খাদ্যপণ্যের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।