বগুড়ায় নানা আয়োজনে বিশ্ব মান দিবস পালিত | Daily Chandni Bazar বগুড়ায় নানা আয়োজনে বিশ্ব মান দিবস পালিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬ ১৬:২৩
বগুড়ায় নানা আয়োজনে বিশ্ব মান দিবস পালিত
সঞ্জু রায়:

বগুড়ায় নানা আয়োজনে
বিশ্ব মান দিবস পালিত

অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব- "সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি" প্রতিপাদ্যতে বগুড়ায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব মান দিবস। জেলা প্রশাসনের আয়োজনে এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের সহযোগিতায় বুধবার সকাল সাড়ে ১১টায় দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: আসাদুজ্জামান, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এস এম আতিকুর রহমান বাদল, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই বগুড়ার উপ-পরিচালক জহুরুল হক। বক্তারা বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। বাজারে বিক্রি হওয়া পণ্যের সঠিক ওজন নিশ্চিত করার পাশাপাশি এর গুণগত মানও নিশ্চিত করতে হবে। শুধুমাত্র প্রাথমিকভাবে বিএসটিআই লাইসেন্স দেয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে নির্দিষ্ট সময় পর পর সেগুলো নিয়মিত মনিটরিং এর আওতায় আনতে হবে। যদিও জেলা পর্যায়ে স্বল্প জনবল ও সক্ষমতা নিয়ে বিএসটিআই এর পক্ষে সকল ক্ষেত্রে গিয়ে পরিমাপ নিশ্চিত বা মনিটরিং করা অত্যন্ত কষ্টকর। ভেজাল প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত সামাজিক সচেতনতা। সবার সমন্বিত উদ্যোগই পারে একটি নিরাপদ খাদ্যের বাংলাদেশ উপহার দিতে। এক্ষেত্রে সাধারণ মানুষকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান বক্তারা। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী নেতারা সকল ধরনের সক্ষমতা সমৃদ্ধ বিএসটিআইয়ের একটি আধুনিক কার্যালয় বগুড়ায় স্থাপনের দাবি জানান। ব্যবসায়ীরা জানান, অফিসের দূরত্ব ও নানা সক্ষমতার অভাবে বিএসটিআই লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে বর্তমানে তাদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। বগুড়া অঞ্চলে মাত্র ৮ জন কর্মকর্তাসহ ১২ জন মিলে পরিচালিত এই দপ্তরের জনবল বৃদ্ধি ও আধুনিক একটি বিভাগীয় অফিস বগুড়ায় স্থাপনের দাবি জানান তারা।