বগুড়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ মো. মাহাবুব হাসান (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা বলে জানিয়েছে ডিএনসি।
রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার ভরিয়া পাকুরতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার মাহাবুব হাসান ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ভদ্রেশ্বরী গ্রামের মৃত কালাম আলীর ছেলে।
সোমবার (১৯ অক্টোবর) ডিএনসি বগুড়া জেলা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাতে ঢাকা থেকে পঞ্চগড়গামী ‘যমুনা লাইন’ নামের একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী মাহাবুব হাসানের দেহ তল্লাশি করে তাঁর পরনের জিন্স প্যান্টের পকেটে থাকা একটি খামের ভেতর জিপারযুক্ত পলিপ্যাকে রাখা ১ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির কাজে ব্যবহারের অভিযোগে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক জিল্লুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে। সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিএনসির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।