অর্থপাচারের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার | Daily Chandni Bazar অর্থপাচারের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৬ ০১:১১
অর্থপাচারের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

অর্থপাচারের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার

স্বর্ণ ব্যবসায়ী দিলীপ আগরওয়াল। ছবি সংগৃহীত

সিআইডির করা অর্থপাচারের মামলায় স্বর্ণ ব্যবসায়ী ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবির গুলশান বিভাগ।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি শফিকুল ইসলাম সংবাদমাধ্যম কালের কণ্ঠকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দিলীপ কুমার আগরওয়ালাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শফিকুল ইসলাম বলেন, দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে সিআইডিতে একটি মামলা রয়েছে। ওই মামলার সূত্রে সিআইডির অনুরোধে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে সিআইডির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সিআইডির অভিযোগ, স্বর্ণ ও হীরা সংগ্রহের আড়ালে ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকা অর্থপাচার করেছেন দিলীপ আগরওয়ালা। এ অভিযোগে তাঁর বিরুদ্ধে গুলশান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে সংস্থাটি।

সিআইডির প্রাথমিক অনুসন্ধানে দিলীপ আগরওয়ালার প্রতিষ্ঠানের স্বর্ণ ও হীরা সংগ্রহের উৎস এবং সরবরাহকারীদের বৈধ নথিপত্র নিয়ে প্রশ্ন ওঠে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০০৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি বৈধ পথে আমদানির পাশাপাশি স্থানীয় বাজার থেকেও বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরা সংগ্রহ করেছিল। তবে এসব পণ্যের উৎস সম্পর্কে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বলে দাবি সিআইডির।

দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন মামলা ও অভিযোগ রয়েছে। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছিল র‍্যাব। ওই সময় রাজধানীর গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয়ে অভিযান চালানো হয়।

পরে জুলাই আন্দোলনের সময় ঢাকার বাড্ডায় হৃদয় আহমেদ নামের এক কিশোরকে হত্যার মামলায়ও দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরবর্তী সময়ে তিনি জামিনে মুক্তি পান।