বগুড়ার ৩ বছরের শিশু আবু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী | Daily Chandni Bazar বগুড়ার ৩ বছরের শিশু আবু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৬ ২০:১৫
বগুড়ার ৩ বছরের শিশু আবু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার ৩ বছরের শিশু আবু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

জন্মগত চোখের ত্রুটিতে ভোগা বগুড়ার নন্দীগ্রামের তিন বছর বয়সী শিশু আবু বক্করের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক কালাম আজাদ।

আবু বক্করের জন্মগত চোখের ত্রুটির কারণে এরই মধ্যে তিনবার অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকদের মতে, আরও দুটি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হলে শিশুটির চোখ পুরোপুরি ভালো হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

আবু বক্কর বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিদেল গ্রামের বাদশা মিয়ার ছেলে। পেশায় দিনমজুর কৃষক বাদশা মিয়ার দুই সন্তান। ছেলের ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে তিনি চরম আর্থিক সংকটে পড়েন।

পরিবার সূত্রে জানা গেছে, সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে বাবার আকুতি জানিয়ে দেওয়া একটি মানবিক বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি শিশুটির চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করতে সার্বিক নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী, স্থানীয় পর্যায়ে শিশুটির চিকিৎসার পরবর্তী ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক কালাম আজাদ এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর বগুড়ার প্রতিনিধি রাশেদুজ্জামান পিয়াস জানান, শিশুটির শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।