আত্রাইয়ে সারের জন্য কৃষকদের হাহাকার, রাত ৩টা থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না সার | Daily Chandni Bazar আত্রাইয়ে সারের জন্য কৃষকদের হাহাকার, রাত ৩টা থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না সার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৬ ০২:০৪
আত্রাইয়ে সারের জন্য কৃষকদের হাহাকার, রাত ৩টা থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না সার
নওগাঁ সংবাদদাতাঃ

আত্রাইয়ে সারের জন্য কৃষকদের হাহাকার, রাত ৩টা থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না সার

নওগাঁর আত্রাই উপজেলায় চাহিদামতো সার না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। দিনের পর দিন ডিলারের দোকানে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না প্রয়োজনীয় সার। কেউ রাত ৩টা থেকে লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন, আবার কেউ টানা তিন দিন ঘুরেও এক বস্তা সার পাননি বলে অভিযোগ করেছেন। এ পরিস্থিতিতে সার সরবরাহ নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের কাছে প্রতিকার চান ভুক্তভোগী কৃষকরা।

কৃষক আয়নাল হোসেন বলেন, “আমরা তিন দিন ধরে লাইনে দাঁড়িয়ে ঘুরে যাচ্ছি। এখন পর্যন্ত এক বস্তা সারও পাইনি। তাহলে আমরা কীভাবে, কী দিয়ে চাষাবাদ করব?”

মধ্য বোয়ালিয়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘ লাইনে দাঁড়িয়েও সার পাওয়া যাচ্ছে না। কখনো বলা হচ্ছে, এক ডিলারের কাছে সার নেই, অন্য ডিলারের কাছে যেতে হবে। কিন্তু সেখানেও লাইনে দাঁড়িয়েও সার মিলছে না।

তিনি আরও বলেন, অনেক কৃষক রাত ৩টা থেকে লাইনে দাঁড়িয়েও সার না পেয়ে ক্ষোভ নিয়ে বাড়ি ফিরছেন। সময়মতো জমিতে সার দিতে না পারলে আবাদে দেরি হওয়ার পাশাপাশি ফসলের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

কৃষক আফজাল হোসেন বলেন, তাঁর জরুরি ভিত্তিতে প্রায় ছয় বস্তা সার প্রয়োজন। কিন্তু তিনি শুধু ইউরিয়া সার পেয়েছেন, অন্য কোনো ধরনের সার পাননি। এ কারণে প্রয়োজনীয় সার নিশ্চিত করতে ইউএনওর কাছে এসেছেন বলে জানান তিনি।

উপজেলার ধুলাউড়ি গ্রামের কৃষক আলতাব হোসেন বলেন, ডিলারদের কাছে বেশির ভাগ সময় ইউরিয়া সার পাওয়া গেলেও অন্যান্য ধরনের সার মিলছে না। শুধু ইউরিয়া দিয়ে চাষাবাদ সম্ভব নয়। ফসলের চাহিদা অনুযায়ী সব ধরনের সার প্রয়োজন।

এ বিষয়ে আত্রাইয়ের বিসিআইসি সার ডিলার মেসার্স নাজমুজ্জামানের স্বত্বাধিকারী নাজমুজ্জামান বলেন, উপজেলার সারের চাহিদার তুলনায় বরাদ্দ ও সরবরাহ কম থাকায় কৃষকরা তাঁদের প্রয়োজন অনুযায়ী সার পাচ্ছেন না। এ কারণে সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাইমিনুল ইসলাম বলেন, এক ডিলারের কাছে সার শেষ হয়ে যাওয়ায় কৃষকরা বিষয়টি বুঝতে না পেরে তাঁদের কাছে এসেছিলেন। পরে সার নেওয়ার জন্য তাঁদের অন্য ডিলারের কাছে পাঠানো হয়েছে।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, উপজেলায় সারসংকট নেই। তবে প্রয়োজন আছে বা নেই—এমন অনেক কৃষকই সার নিতে আসছেন, যার কারণে কিছুটা সমস্যা হচ্ছে। এ বিষয়ে একাধিক সভা করা হয়েছে। দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি সারসংকটের অভিযোগ নিয়ে আসা কৃষকদের সার দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে বলে জানান ইউএনও।