সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স এইচএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন। শনিবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, পদার্থবিজ্ঞান ও রসায়নে উত্তীর্ণ হতে পারেননি তিনি। তবে তাঁর বাবা দেওয়ান শাহরুখ চৌধুরীর দাবি, পুলিশি হয়রানি ও কারাগারে থাকার কারণে প্রস্তুতি নিতে না পারায় প্রত্যাশিত ফল করতে পারেননি তাঁর ছেলে।
এদিকে, প্রিন্সকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে তাঁর নিরাপত্তায় কড়া পুলিশি পাহারা রয়েছে।
প্রিন্সের পরিবার সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া আবাসিক এলাকায় বসবাস করে। তিনি ছাত্রলীগের সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাঁর বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় তিনটি মামলা রয়েছে।
শনিবার সন্ধ্যায় প্রিন্সের বাবা দেওয়ান শাহরুখ চৌধুরী জানান, তাঁর ছেলে এখনো পুরোপুরি সুস্থ হননি। তবে কথা বলতে পারছেন। চিকিৎসকেরা তাঁকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন। সিলেটের ওই বেসরকারি হাসপাতালে তাঁর আশপাশে কড়া পুলিশি পাহারা রয়েছে।
দেওয়ান শাহরুখ চৌধুরীর দাবি, গত এক বছরে বিভিন্ন সময়ে তাঁর ছেলেকে মোট ১২০ দিন কারাগারে থাকতে হয়েছে। প্রিন্স সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৮৯ পেয়েছিলেন। এবার কারাগারে থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ায় ভালোভাবে প্রস্তুতি নিতে পারেননি। এ কারণে পদার্থবিজ্ঞান ও রসায়নে খারাপ ফল করেছেন বলে দাবি করেন তিনি।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, সুনামগঞ্জ ও সিলেটের পাঁচজন সরকারি চিকিৎসক প্রিন্সের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাঁর খিঁচুনিজনিত রোগ রয়েছে।
ওসি আরও দাবি করেন, সিলেটের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও প্রিন্স অনলাইনে সক্রিয় থেকে গুজব ছড়াচ্ছেন। তাঁর পক্ষ থেকে ফোনে পুলিশকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এসব ঘটনায় ফোন নম্বর উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রিন্সকে রাখা হাসপাতালেও পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।