বগুড়া প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ আর নেই। রোববার (১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর আকস্মিক মৃত্যুতে বগুড়ার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন আবুল কালাম আজাদ। পরে তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
আবুল কালাম আজাদ বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার জ্যেষ্ঠ সদস্য ছিলেন। সাংবাদিকতা পেশায় তিনি সহকর্মীদের কাছে পরিচিত ছিলেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মেয়ে মাহিশা এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। ছেলে জারিফ বগুড়া জিলা স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি বগুড়ার ধুনট পৌরসভার পশ্চিম ভরনশাহী এলাকায়।
আবুল কালাম আজাদের মৃত্যুতে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া গভীর শোক প্রকাশ করেছে।
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস বলেন, আবুল কালাম আজাদের আকস্মিক ও অকালমৃত্যুতে তাঁরা গভীরভাবে শোকাহত। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।