বগুড়ায় তালাক দিয়ে পুনরায় বিয়ের আশ্বাসে হোটেলে নিয়ে একাধিকবার ধর্ষণ, সাবেক স্বামী গ্রেপ্তার | Daily Chandni Bazar বগুড়ায় তালাক দিয়ে পুনরায় বিয়ের আশ্বাসে হোটেলে নিয়ে একাধিকবার ধর্ষণ, সাবেক স্বামী গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ নভেম্বর, ২০২৬ ০০:৫৮
বগুড়ায় তালাক দিয়ে পুনরায় বিয়ের আশ্বাসে হোটেলে নিয়ে একাধিকবার ধর্ষণ, সাবেক স্বামী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় তালাক দিয়ে পুনরায় বিয়ের আশ্বাসে হোটেলে নিয়ে একাধিকবার ধর্ষণ, সাবেক স্বামী গ্রেপ্তার

বগুড়ায় তালাকের পর পুনরায় বিয়ে করে সংসার করার আশ্বাস দিয়ে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে মোঃ নাইফ হাসান (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনি বগুড়ার শেরপুর উপজেলার জয়নগর এলাকার মোঃ আব্দুল খালেকের ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শেরপুর উপজেলার জয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ১৩ এপ্রিল ২৪ বছর বয়সী ওই নারীর সঙ্গে দুই লাখ টাকা দেনমোহর ধার্য করে রেজিস্ট্রিকৃত কাবিননামার মাধ্যমে নাইফ হাসানের বিয়ে হয়। বিয়ের পর তাঁরা স্বামী-স্ত্রী হিসেবে সংসার শুরু করেন। একপর্যায়ে নাইফ হাসান অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ করেন ওই নারী। এ নিয়ে বিরোধের জেরে তাঁর কাছে চার লাখ টাকা যৌতুক দাবি করা হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে। দাবিকৃত টাকা না দেওয়ায় তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এরপর থেকে ওই নারী মায়ের বাড়িতে বসবাস করছিলেন।

এজাহার অনুযায়ী, গত ৬ আগস্ট রেজিস্ট্রিকৃত তালাকনামার মাধ্যমে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তবে তালাকের কয়েক দিন পর নাইফ হাসান মুঠোফোনে যোগাযোগ করে নিজের ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে অন্য সম্পর্কে জড়াবেন না বলে আশ্বাস দেন। একই সঙ্গে ওই নারীকে পুনরায় বিয়ে করে সংসার করার প্রতিশ্রুতি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পুনরায় বিয়ের আশ্বাস দিয়ে নাইফ হাসান ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে থাকেন। এর ধারাবাহিকতায় গত ৯ অক্টোবর বিয়ের কথা বলে তাঁকে বগুড়া শহরের চারমাথা এলাকার একটি হোটেলের কক্ষে নিয়ে যান। সেখানে কাজি আসবেন বলে আশ্বাস দিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।

পরে কাজি আসতে দেরি হওয়ায় ওই নারী জানতে চাইলে তাঁকে সাতমাথার একটি কাজি অফিসে যাওয়ার কথা বলেন নাইফ হাসান। এরপর তাঁরা রিকশায় করে সাতমাথায় পৌঁছালে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় বিয়ের জন্য অনুরোধ করলে তাঁকে গালিগালাজ ও কিল-ঘুষি মেরে শারীরিকভাবে নির্যাতন করা হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় গত ২৩ অক্টোবর ওই নারী বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা করেন।

এসআরবি-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নাইফ হাসানকে গ্রেপ্তার করে। ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোঃ নাসির উদ্দিন জানান, গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।