রংপুর মহানগরে নাস্তা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ১৭ বছর বয়সী এক বাক্প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ উঠেছে ৬১ বছর বয়সী আব্দুল মতিনের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের গণপিটুনিতে আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, ভুক্তভোগী কিশোরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তার আব্দুল মতিন রংপুর সিটি করপোরেশনের হারাগাছ থানাধীন চাঁদকুঠি সদবাজার এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।
ভুক্তভোগীর স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (১ নভেম্বর) রাতে কিশোরটি মহানগরের সদবাজার এলাকায় ঘোরাফেরা করছিল। রাত ৯টার দিকে নাস্তা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাকে একটি গোডাউনের খালি মাঠে নিয়ে যান আব্দুল মতিন। সেখানে কিশোরটিকে বলাৎকার করা হয় বলে অভিযোগ উঠেছে।
পরে কিশোরটিকে সদবাজারের কাছে রেখে পালানোর চেষ্টা করেন মতিন। এ সময় কিশোরের কান্না শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। তার পরনের কাপড়ে রক্তের দাগ দেখে বিষয়টি জানতে চাইলে সে ঘটনার কথা জানায়। এরপর স্থানীয়রা আব্দুল মতিনকে আটক করে গণপিটুনি দেন। একপর্যায়ে তিনি সেখান থেকে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী কিশোরকে উদ্ধার করে। পরে স্বজনরা তাকে প্রথমে হারাগাছ ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হারাগাছ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অশোক চৌহান জানান, এ ঘটনায় রোববার রাতে ভুক্তভোগী কিশোরের বাবা বাদী হয়ে আব্দুল মতিনকে আসামি করে মামলা করেছেন। ঘটনার পর স্থানীয়দের গণপিটুনিতে আহত হয়ে মতিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে গ্রেপ্তার করে।