বগুড়াসহ দেশে নতুন ২০টি আইসিইউ স্থাপনের পরিকল্পনা, নিয়োগ পাচ্ছেন আরও ৫ হাজার চিকিৎসক | Daily Chandni Bazar বগুড়াসহ দেশে নতুন ২০টি আইসিইউ স্থাপনের পরিকল্পনা, নিয়োগ পাচ্ছেন আরও ৫ হাজার চিকিৎসক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ নভেম্বর, ২০২৬ ১০:৪৮
বগুড়াসহ দেশে নতুন ২০টি আইসিইউ স্থাপনের পরিকল্পনা, নিয়োগ পাচ্ছেন আরও ৫ হাজার চিকিৎসক
আল-মামুনঃ

বগুড়াসহ দেশে নতুন ২০টি আইসিইউ স্থাপনের পরিকল্পনা, নিয়োগ পাচ্ছেন আরও ৫ হাজার চিকিৎসক

দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও চিকিৎসক সংকট নিরসনে নতুন করে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে। পাশাপাশি বগুড়াসহ সারাদেশে নতুন ২০টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। সম্প্রতি নিয়োগ পাওয়া ৫০০ চিকিৎসকের মধ্যে ১৭ জনকে বগুড়ার বিভিন্ন পর্যায়ে পদায়ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এসজেডএমসি ডে-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আরও পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে আবেদন গ্রহণ শেষ হয়েছে। বর্তমানে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগের সাক্ষাৎকার প্রক্রিয়া চলমান রয়েছে। পর্যায়ক্রমে চিকিৎসক সংকটসহ স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, শজিমেক হাসপাতালে নতুন আইসিইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ক্যানসার ও লিভারসহ জটিল রোগের উন্নত চিকিৎসার সুযোগ সম্প্রসারণের বিষয়টি বিবেচনায় রয়েছে। দেশের বড় হাসপাতালগুলোতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার কাজও চলছে। ইতোমধ্যে ১৫টি স্থানে এ কার্যক্রম শুরু হয়েছে। হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) পদ্ধতিতে উন্নত চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে ঢাকার পাঁচটি হাসপাতালে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু করা হবে। পরে পর্যায়ক্রমে জেলা শহরগুলোতেও এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এসজেডএমসি ডে-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, মেডিসিন ক্লাব অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ, চিকিৎসা কার্ড উদ্বোধন এবং মেডিকেল কলেজের কৃতী সাবেক শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা প্রদান। এ ছাড়া শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ও এসজেডএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. মনোয়ারুল কাদির বিটু। বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এমপি। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার। প্রধান বক্তা ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ, প্রকল্প পরিচালক ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি ডা. মওদুদ হোসেন আলমগীর। অনুষ্ঠানে বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান উপস্থিত ছিলেন।