মাউন্ট এলব্রুসে বাংলাদেশ রাশিয়া মৈত্রী অভিযাত্রার সাফল্য উদযাপন | Daily Chandni Bazar মাউন্ট এলব্রুসে বাংলাদেশ রাশিয়া মৈত্রী অভিযাত্রার সাফল্য উদযাপন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ নভেম্বর, ২০২৬ ১১:০০
মাউন্ট এলব্রুসে বাংলাদেশ রাশিয়া মৈত্রী অভিযাত্রার সাফল্য উদযাপন
মাউন্ট এলব্রুসে উড়লো বাংলাদেশের পতাকা
সঞ্জু রায়:

মাউন্ট এলব্রুসে বাংলাদেশ রাশিয়া 
মৈত্রী অভিযাত্রার সাফল্য উদযাপন

ইউরোপ ও রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে সফল বাংলাদেশ-রাশিয়া মৈত্রী অভিযাত্রা “অ্যাশেস অ্যান্ড আইস: দ্য ডরম্যান্ট জায়ান্ট এক্সপেডিশন ২০২৬” উদযাপন উপলক্ষে ঢাকাস্থ রাশিয়ান হাউসে এক বিশেষ প্রেস মিট, ফ্ল্যাগ-ইন অনুষ্ঠান এবং স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনে মূল সংবাদ সম্মেলন পরিচালনা করেন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের প্রতিষ্ঠাতা এনাম আল হক। অনুষ্ঠানে গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ সফলভাবে মাউন্ট এলব্রুসের চূড়ায় আরোহণকারী বাংলাদেশি পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল তাঁর অভিযাত্রার অভিজ্ঞতা তুলে ধরেন। একটি প্রেজেন্টেশন এবং বিশেষ ভিডিওচিত্রের মাধ্যমে তিনি পুরো অভিযানের রোমাঞ্চকর অভিজ্ঞতা ও নানা চ্যালেঞ্জের গল্প সবার সামনে উপস্থাপন করেন। প্রচণ্ড তুষারপাত, হাড়কাঁপানো ঠান্ডা বাতাস এবং প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও তিনি ও তাঁর সহ-অভিযাত্রীরা সফলভাবে পর্বতশৃঙ্গে পৌঁছাতে সক্ষম হন। তাঁর বক্তব্যে এই অভিযাত্রায় সার্বিক সহযোগিতা ও সমর্থনের জন্য ঢাকাস্থ রাশিয়ান হাউসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন শাকিল। অনুষ্ঠানের অন্যতম আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত ছিল মাউন্ট এলব্রুসের চূড়ায় ওড়ানো বাংলাদেশের জাতীয় পতাকাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর। দেশের পর্বতারোহণের ইতিহাসে এই অর্জন একটি বিশেষ স্মারক হয়ে থাকবে। আয়োজনে নজর কেড়েছে রাশিয়ান হাউসের গ্যালারিতে আয়োজিত বিশেষ স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন। ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক মিস অ্যালেক্সান্ড্রা এ. খ্লেভনয় সম্মানিত অতিথিবৃন্দ ও পর্বতারোহী শাকিলকে সঙ্গে নিয়ে ফিতা কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন এবং এই চ্যালেঞ্জিং অভিযাত্রার বিভিন্ন দুর্লভ ও স্মরণীয় মুহূর্তের স্থিরচিত্র প্রত্যক্ষ করেন। আয়োজক সংশ্লিষ্টরা জানান, এই সফল পর্বত অভিযান অদম্য ইচ্ছাশক্তি, সাহস, অধ্যবসায় এবং আন্তর্জাতিক বন্ধুত্বের এক উজ্জ্বল নিদর্শন। যৌথ অর্জন ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে এই অভিযাত্রা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।