চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষাসফরের একটি বাস সড়কের পাশের খাদে পড়ে উল্টে গেছে। এতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১৫ জন।
শনিবার (৭ নভেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুনিয়া বটতল কেরানীহাট রেলবিটের প্রায় ৩০০ গজ দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, তিশা পরিবহনের বাসটি কুমিল্লার বুড়িচং উপজেলার নিউ মার্কেট এলাকা থেকে বাক্সিমুল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছিল। পথে সাতকানিয়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্ধারিত লেন অতিক্রম করে সড়কের পশ্চিম পাশের খাদে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে কেরানীহাটের বিভিন্ন হাসপাতাল ও সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬) ও সোহানা আফরোজ (৪৫) নামে দুজনকে মৃত ঘোষণা করেন।
আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাতকানিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম চালায়। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।