রাশেদ খাঁনকে বদদোয়া দিলেন আমির হামজা | Daily Chandni Bazar রাশেদ খাঁনকে বদদোয়া দিলেন আমির হামজা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬ ০০:৪৫
রাশেদ খাঁনকে বদদোয়া দিলেন আমির হামজা
চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ

রাশেদ খাঁনকে বদদোয়া দিলেন আমির হামজা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের প্রকাশ করা কথিত অডিও ও নারীসংক্রান্ত ভিডিওর অভিযোগকে ‘ষড়যন্ত্র’ বলে উল্লেখ করেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা। একই সঙ্গে রাশেদ খাঁনকে উদ্দেশ করে কড়া সমালোচনা ও বদদোয়া করেছেন তিনি।

সম্প্রতি বগুড়ায় একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে আমির হামজা সরাসরি রাশেদ খাঁনের নাম উল্লেখ না করলেও তাঁর প্রকাশ করা অডিও ও অভিযোগের প্রসঙ্গ তুলে কথা বলেন।

বক্তব্যে আমির হামজা বলেন, “ওরা আজ আলেমদের পেছনে লাগে। ওদের যদি মোবাইল চেক করে দেখবেন....নাউজুবিল্লাহ। চরিত্র বলে কিছু আছে? চাটাচাটি করে এ পদটা যদি না পেত আমার মনে আজ রাস্তা ঝাড়ু দিয়ে খাওয়া লাগতো। ওর তো রাস্তা ঝাড়ু দেওয়ারও যোগ্যতা নেই। কী যোগ্যতা আছে রাস্তা ঝাড়ু দিতে নিবে মানুষ? অথচ সে আজ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।”

তিনি আরও বলেন, “মানুষের পেছনে যারা লেগে থাকে এদের কথা যেন আল্লাহ বন্ধ করে দেয়।”

বক্তব্যে প্রয়াত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রসঙ্গ টেনে আমির হামজা দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে রিমান্ডে থাকার সময় তাঁকে সাঈদীর কথিত একটি অডিও শোনানো হয়েছিল। তাঁর দাবি, ওই অডিওতে এক নারীর সঙ্গে সাঈদীর কথোপকথন শোনানো হয় এবং সেটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল। এ সময় তিনি পেগাসাস ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রসঙ্গও তোলেন।

আমির হামজা বলেন, “আল্লামা সাঈদী বদদোয়া করেছিলেন, আল্লাহ আমার এতো বড় অসম্মান যারা করলো তাদেরকে তুমি জাতির সামনে ল্যাংটা করে দিও। আমিও মুসাফির অবস্থায় কোরআন সামনে নিয়ে আল্লাহর কছম এই বগুড়ার মাটিতে বদদোয়া দিয়ে গেলাম আমাদের সম্মান দিয়ে যারা ছিনিমিনি খেলছে একটা অক্ষরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।”

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, “আমরা চাইব আপনি যেমন মানের, আপনার বাবা যেমন মানের ছিল, আপনি ওই মানের লোক কাছে রাখবেন। আপনার কাছে থাকবে একজন ডক্টর, একজন পিএইচডি হোল্ডার। আর খালি চাটে চাটে তারে রেখে দিয়েছেন ও তো মিথ্যা কথা ছাড়া সত্য বলতেই পারে না।”

এর আগে গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে আমির হামজার কথোপকথনের অডিও ফাঁসের দাবি করেন। পোস্টে তিনি আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত কিছু অডিও ও ভিডিও তাঁর কাছে এসেছে বলে উল্লেখ করেন। সেগুলো ফ্যাক্ট চেক করে তথ্যের সত্যতা পেয়েছেন বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে কথোপকথনের কিছু অংশ প্রকাশ করে অডিওর লিংক কমেন্ট বক্সে যুক্ত করার কথা জানান।

প্রকাশিত বলে দাবি করা অডিওতে এক ব্যক্তিকে ক্ষমা চাওয়া, অনুতপ্ত হওয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার কথা বলতে শোনা যায়। কথোপকথনে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, “আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান, মানে কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত।”

তবে প্রকাশিত অডিওর ব্যক্তির পরিচয়, কথোপকথনের প্রেক্ষাপট এবং অডিও-ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাইয়ের তথ্য প্রতিবেদনে পাওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যও জানা প্রয়োজন।