বগুড়ায় অবৈধ পলিথিন উৎপাদন কারখানায় অভিযানে ১ লাখ টাকা জরিমানা | Daily Chandni Bazar বগুড়ায় অবৈধ পলিথিন উৎপাদন কারখানায় অভিযানে ১ লাখ টাকা জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬ ০১:০৫
বগুড়ায় অবৈধ পলিথিন উৎপাদন কারখানায় অভিযানে ১ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় অবৈধ পলিথিন উৎপাদন কারখানায় অভিযানে ১ লাখ টাকা জরিমানা

প্রতীকি ছবি।

 

পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন উৎপাদনের অভিযোগে বগুড়ায় একটি কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে বিপুল পরিমাণ পলিথিন জব্দ এবং কারখানাটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) রাত ৮টার দিকে বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের ছাতিয়ানতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. মো. আজাদ হোসেন। এ সময় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বগুড়ার একটি দল অভিযান পরিচালনায় সহযোগিতা করে।
অভিযানকালে কারখানায় অবৈধভাবে পলিথিন উৎপাদনের বিষয়টি সামনে আসে। পরে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশের জন্য ভয়াবহ হুমকি পলিথিন
পলিথিন পরিবেশে সহজে পচে না। ব্যবহারের পর যত্রতত্র ফেলে দেওয়া হলে তা দীর্ঘদিন মাটি ও পানিতে থেকে পরিবেশের ভারসাম্য নষ্ট করে। ড্রেন, নালা ও জলপ্রবাহের পথ আটকে জলাবদ্ধতা সৃষ্টি, কৃষিজমির স্বাভাবিক গুণাগুণ ক্ষতিগ্রস্ত এবং জলজ পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। অপরিকল্পিতভাবে পলিথিন বর্জ্য পোড়ানো হলে বায়ুদূষণের ঝুঁকিও বাড়ে।
বিশেষজ্ঞদের মতে, শুধু বাজারে পলিথিনের ব্যবহার বন্ধ করলেই সমস্যার সমাধান হবে না; অবৈধ উৎপাদন, মজুত, সরবরাহ ও বিপণনের উৎস বন্ধ করাও জরুরি। এ ক্ষেত্রে উৎপাদনকারী কারখানাগুলোর ওপর নিয়মিত নজরদারি এবং আইনের যথাযথ প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।