শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় জিয়া পরিষদ নেতা বহিষ্কার | Daily Chandni Bazar শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় জিয়া পরিষদ নেতা বহিষ্কার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬ ০১:১০
শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় জিয়া পরিষদ নেতা বহিষ্কার
জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ

শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় জিয়া পরিষদ নেতা বহিষ্কার

জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ হিসেবে উল্লেখ করে বক্তব্য দেওয়ায় জিয়া পরিষদের পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসানকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত রোববার (৮ নভেম্বর) জিয়া পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। পরে সোমবার দুপুরে সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল তাঁর ফেসবুক অ্যাকাউন্টে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।

গত ৭ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেওয়ার একপর্যায়ে মারুফ হাসান শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলে সম্বোধন করেন।

এ সময় সভায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে হট্টগোলের সৃষ্টি হলে তাঁকে ডায়াস থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সংগঠনের ভেতরে ও বাইরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।

জিয়া পরিষদের বিজ্ঞপ্তিতে বলা হয়, মারুফ হাসানের এ ধরনের সংগঠনবিরোধী ও আপত্তিকর শব্দচয়ন সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৮ নভেম্বর থেকে তাঁকে সংগঠনের সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে মারুফ হাসান বলেন, তিনি বরাবরই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। মাঝখানে অসুস্থতার কারণে কিছুটা নিষ্ক্রিয় ছিলেন। সেদিন বক্তব্য দেওয়ার সময় তাঁর কিছু শব্দচয়ন ভুল হয়েছিল বলে স্বীকার করেন তিনি। তবে কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না বলে দাবি করেন।

এদিকে আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ বলার সময় জেলা প্রশাসকের নীরব ভূমিকার প্রতিবাদ জানিয়েছে জেলা ছাত্রদল। ঘটনার দিন সন্ধ্যায় জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহারের দাবিতে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে আলটিমেটাম দেয় সংগঠনটি।