বগুড়ায় মেডিকেল কলেজের সামনেই নিয়মিত রোগী দেখতেন ভুয়া এমবিবিএস চিকিৎসক | Daily Chandni Bazar বগুড়ায় মেডিকেল কলেজের সামনেই নিয়মিত রোগী দেখতেন ভুয়া এমবিবিএস চিকিৎসক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬ ০০:৩৫
বগুড়ায় মেডিকেল কলেজের সামনেই নিয়মিত রোগী দেখতেন ভুয়া এমবিবিএস চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় মেডিকেল কলেজের সামনেই নিয়মিত রোগী দেখতেন ভুয়া এমবিবিএস চিকিৎসক

 বগুড়ায় জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের সঙ্গে যৌথ অভিযানে এক ভুয়া এমবিবিএস চিকিৎসককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে অবস্থিত কেয়ার ওয়ান ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় নিবন্ধন ও আইনগত অনুমোদন ছাড়াই এলোপ্যাথিক চিকিৎসাসেবা প্রদান এবং চিকিৎসক পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

আটকৃত ব্যক্তির নাম মো. আব্দুল করিম। অভিযানে তার চিকিৎসক পরিচয় ও চিকিৎসাসেবা প্রদানের বৈধতা যাচাই করা হয়। এ সময় প্রয়োজনীয় নিবন্ধন ও আইনগত অনুমোদন ছাড়া এলোপ্যাথিক চিকিৎসা প্রদানের বিষয়টি উঠে আসে।

জেলা এনএসআই বগুড়ার দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের সঙ্গে সরাসরি যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসাপ্রতিষ্ঠানের সামনে অবস্থিত ডায়াগনস্টিক সেন্টারে এ ধরনের অনিয়মের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত আইনগত অনুমোদন ছাড়া চিকিৎসাসেবা প্রদান এবং চিকিৎসক পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে মো. আব্দুল করিমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

চিকিৎসাসেবার নামে প্রতারণা ও অনুমোদনহীন চিকিৎসা কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।