প্রথমবার জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, সাড়ে আট ঘণ্টায় উৎপাদন ২০ লাখ ইউনিট | Daily Chandni Bazar প্রথমবার জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, সাড়ে আট ঘণ্টায় উৎপাদন ২০ লাখ ইউনিট | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬ ০০:৪৪
প্রথমবার জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, সাড়ে আট ঘণ্টায় উৎপাদন ২০ লাখ ইউনিট
নিজস্ব প্রতিবেদক

প্রথমবার জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, সাড়ে আট ঘণ্টায় উৎপাদন ২০ লাখ ইউনিট

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বিদ্যুৎ। প্রথম দফায় টানা সাড়ে আট ঘণ্টার বেশি সময়ে কেন্দ্রটি প্রায় ২০ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে। প্রতি ইউনিটের সম্ভাব্য দাম ১০ টাকা ধরে উৎপাদিত বিদ্যুতের আর্থিক মূল্য প্রায় দুই কোটি টাকা।

এক দশকের বেশি সময় ধরে নির্মাণ, বিনিয়োগ ও নানা পরীক্ষা-নিরীক্ষার পর মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। টানা সাড়ে আট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করা হয়।

এ সময় কেন্দ্রটি থেকে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। পরে উৎপাদন কমিয়ে আনা হয়। কেন্দ্রটির নিজস্ব কাজে প্রায় ৭০ থেকে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহৃত হয়। এই পরিমাণ বাদ দিয়ে অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।

রূপপুরের উৎপাদিত বিদ্যুতের দাম এখনো চূড়ান্ত হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রের আভাস অনুযায়ী, প্রতি ইউনিটের দাম ১০ টাকার আশপাশে হতে পারে। সে হিসাবে প্রথম দফায় উৎপাদিত বিদ্যুতের আর্থিক মূল্য প্রায় দুই কোটি টাকা। গ্রাহক পর্যায়ের খুচরা মূল্য বিবেচনায় নিলে এই হিসাব আরও বেশি হতে পারে।

কেন্দ্রটির দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে প্রতিদিন প্রায় পাঁচ কোটি ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতি ইউনিট ১০ টাকা ধরে এর দৈনিক আর্থিক মূল্য দাঁড়াবে প্রায় ৫০ কোটি টাকা।

প্রথম দফার পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পর আজকালের মধ্যে কেন্দ্রটি আবারও জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলবে।