হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধ রয়েছে। থানার ভেতরে পুড়ে যাওয়া আসবাব, ভাঙা কম্পিউটার, ছড়িয়ে-ছিটিয়ে থাকা কাচের টুকরা ও ক্ষতিগ্রস্ত কক্ষগুলো এখনো হামলার চিহ্ন বহন করছে। তবে কয়েক দিনের রাজনৈতিক অস্থিরতার পর এলাকায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে থানায় গিয়ে কোনো পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। ভবনের প্রবেশপথের কলাপসিবল গেটে তালা ঝুলছিল। ভেতরের বিভিন্ন কক্ষে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের চিহ্ন দেখা যায়। এর মধ্যে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কক্ষটিতে কয়েকটি চেয়ারের শুধু লোহার কাঠামো এবং একটি রেফ্রিজারেটরের পোড়া অংশ পড়ে থাকতে দেখা যায়।
থানার কার্যক্রম কীভাবে পরিচালিত হচ্ছে, তা জানতে ওসি ইমরানুল কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। জেলা পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে টুঙ্গিপাড়ায় কয়েক দিনের রাজনৈতিক অস্থিরতার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। সকাল থেকে বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোনো মিছিল বা ভাঙচুরের খবরও পাওয়া যায়নি। ধীরে ধীরে খাবারের দোকানসহ অন্যান্য দোকানপাট খুলতে শুরু করেছে।
শুক্রবার ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশ এবং গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। তবে টুঙ্গিপাড়ার সড়কগুলোতে ভ্যান ও ইজিবাইক ছাড়া অন্য যানবাহন চলাচল করতে দেখা যায়নি। গত কয়েক দিনের সহিংসতার প্রভাবে সাধারণ মানুষের উপস্থিতিও কম। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। ফলে উপজেলার সড়কগুলো অনেকটা ফাঁকা রয়েছে।
উপজেলার কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল চোখে পড়েনি। থানার কার্যক্রম বন্ধ থাকায় স্বাভাবিক পুলিশি সেবা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে।
এদিকে শুক্রবার গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আসেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ তিন বাহিনীর প্রধান। তাঁরা গোপালগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে ঢাকায় ফিরে যান। তবে টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে যাননি।
গোপালগঞ্জ থেকে ফেরার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি মো. আলী হোসেন ফকির স্থানীয় জনগণকে পুলিশের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনারা যদি চান যে আপনাদের আইনশৃঙ্খলা দরকার নেই, তাহলে আপনাদের আইনশৃঙ্খলা আপনারাই রক্ষা করেন।’
তিনি আরও বলেন, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি পরিস্থিতি ভালো দেখেছেন এবং আগামী দিনেও তা ভালো থাকবে বলে আশা করছেন। যারা এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে জনগণকে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।