গোপালগঞ্জে নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, আইন ও সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউস থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে আইজিপি বলেন, ‘সার্বিক পরিস্থিতি আজকে পর্যন্ত অনেক ভালো দেখছি। আগামীতেও ভালো থাকবে। আপনারা সবাই মিলে যারা যারা অশান্তি তৈরি করে, তাদের বিপক্ষে অবস্থান নিন। তাদের সংখ্যা খুব বেশি নয়।’
এর আগে শুক্রবার সকালে সড়কপথে ঢাকা থেকে গোপালগঞ্জ পৌঁছান আইজিপি। সেখানে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত সমন্বিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) প্রধান অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। এ ছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিবি, এসআরবি ও আনসার সদস্যদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা সভায় অংশ নেন।
সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা, কল্যাণমূলক বিষয় এবং পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের আস্থা অর্জনে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।