বগুড়ায় স্কুলছাত্রী অপহরণের অভিযোগে সাবেক ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে মামলা | Daily Chandni Bazar বগুড়ায় স্কুলছাত্রী অপহরণের অভিযোগে সাবেক ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে মামলা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬ ০০:৩৩
বগুড়ায় স্কুলছাত্রী অপহরণের অভিযোগে সাবেক ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে মামলা
শেরপুর, বগুড়া সংবাদদাতাঃ

বগুড়ায় স্কুলছাত্রী অপহরণের অভিযোগে সাবেক ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে মামলা

বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে (১৬) প্ররোচিত করে নিয়ে যাওয়ার অভিযোগে বগুড়ার শেরপুর থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে মামলাটি করেন।
এতে পৌর শহরের রামচন্দ্রপুরপাড়া এলাকার মো. সাদিকুর রহমান (২৭), তাঁর বাবা মো. আবু বক্কর সিদ্দিক (৫৮) এবং অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত সাদিকুর রহমান শেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
এজাহারে বলা হয়, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে প্রায়ই প্রেমের প্রস্তাব ও বিয়ের প্রলোভন দেখাতেন সাদিকুর। এর জেরে গত বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে পৌর এলাকার নিজ বাড়ির সামনে থেকে মেয়েটিকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া হয়। ওই সময় ১০ ভরি স্বর্ণালংকার, দুটি স্মার্টফোন ও পোশাকও নিয়ে যাওয়া হয় বলে এতে উল্লেখ করা হয়েছে।
সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও প্রথমে মেয়ের সন্ধান পায়নি পরিবার। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে স্বজনেরা বুঝতে পারেন, ছাত্রীটি সাদিকুরের সঙ্গে চলে গেছে।
এ অবস্থায় পুলিশের শরণাপন্ন হন ছাত্রীর মা। পুলিশ জানায়, অপহরণ ও এ কাজে সহায়তার অভিযোগে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, ভুক্তভোগীকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।