বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) জেলা বিএনপি ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন, বৃক্ষরোপণ, অসচ্ছল শিশুদের মাঝে স্লিপিং কিট বিতরণ, শিশু ও এতিমদের খাবার পরিবেশন এবং দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সকালে শহরের দত্তবাড়ি এলাকায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
এরপর বিডি ক্লিনের আয়োজনে বগুড়া রেলওয়ে স্টেশনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। একই দিন রোটারি ক্লাব অব ঢাকার আয়োজনে এবং রোটারি ক্লাব অব বগুড়ার সহযোগিতায় শহরের ইয়াকুবিয়া গার্লস হাইস্কুল প্রাঙ্গণে অসচ্ছল শিশুদের মাঝে ৫০০টি স্লিপিং কিট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কানাডার ‘স্লিপিং চিলড্রেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ প্রোগ্রামের আওতায় ৯ থেকে ১২ বছর বয়সী শিশুদের ১৫ ধরনের ব্যবহার্য সামগ্রীসমৃদ্ধ এসব কিট দেওয়া হয়। সারাদেশে ৬ হাজার এবং বগুড়া অঞ্চলে ৫০০ শিশুর মাঝে স্লিপিং কিট বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এদিকে, বগুড়া জেলা বিএনপির উদ্যোগে বগুড়া শিশু পরিবারে শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। একই দিনে মহানগরের শিববাটি মতিঝিল অন্ধ হাফেজিয়া লিল্লাহ বোর্ডিং ও বহুমুখী এতিমখানায় দোয়া মাহফিল ও উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এছাড়া বাদ জোহর বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসব দোয়া মাহফিলে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ পরিচালনায় সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দিনব্যাপী এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাহালু-নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, ইয়াকুবিয়া গার্লস হাইস্কুলের সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ-উন-নবী সালাম ও কেএম খায়রুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, বগুড়া মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলায়মান আলী, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তারসহ রোটারি ক্লাব অব ঢাকা ও বগুড়ার রোটারিয়ান, কানাডা থেকে আগত কর্মসূচির কর্মকর্তারা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দিনব্যাপী এসব কর্মসূচির মাধ্যমে চিকিৎসাসেবা, পরিবেশ সংরক্ষণ, অসচ্ছল শিশুদের সহায়তা এবং এতিম শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে তারেক রহমানের জন্মদিন উদযাপন করা হয়। এসব কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।