আত্রাইয়ে পতিসর-সমসপাড়া সড়কের এক কিলোমিটারেই ৩২০ গর্ত, চরম দুর্ভোগে এলাকাবাসী | Daily Chandni Bazar আত্রাইয়ে পতিসর-সমসপাড়া সড়কের এক কিলোমিটারেই ৩২০ গর্ত, চরম দুর্ভোগে এলাকাবাসী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬ ০০:৫৬
আত্রাইয়ে পতিসর-সমসপাড়া সড়কের এক কিলোমিটারেই ৩২০ গর্ত, চরম দুর্ভোগে এলাকাবাসী
​আত্রাই, নওগাঁ সংবাদদাতাঃ

আত্রাইয়ে পতিসর-সমসপাড়া সড়কের এক কিলোমিটারেই ৩২০ গর্ত, চরম দুর্ভোগে এলাকাবাসী

নওগাঁর আত্রাই উপজেলার পতিসর-সমসপাড়া পাকা সড়কের কার্পেটিং উঠে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটির ৯ কিলোমিটারের মধ্যে মাত্র এক কিলোমিটার অংশেই প্রায় ৩২০টি ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। গত বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত ও বন্যায় সড়কটির এমন বেহাল অবস্থার সৃষ্টি হলেও এখন পর্যন্ত সংস্কার করা হয়নি। ফলে পথচারী, শিক্ষার্থী ও এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। ​
 
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, পতিসর থেকে হিঙ্গলকান্দি-বড়সাওতা হয়ে সমসপাড়া হাট এবং আত্রাইয়ের গুড়নদীর পারঘাট পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার সড়কটি পাকাকরণ করা হয়। পরবর্তীতে কার্পেটিং উঠে গেলে ২০১৬-১৭ অর্থবছরে সড়কটি সংস্কার করা হয়েছিল। কিন্তু এরপর দীর্ঘ ৯ বছরেও আর কোনো সংস্কারকাজ না হওয়ায় গত বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত ও বন্যার পানিতে সড়কের অধিকাংশ স্থানের পাকা অংশ উঠে গিয়ে মাটি বের হয়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে।
 
​সরেজমিনে দেখা যায়, হিঙ্গলকান্দি বাজার থেকে জগন্নাথপুর গ্রামের কাছাকাছি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে ছোট-বড় প্রায় ৩২০টি গর্ত তৈরি হয়েছে। ঝুঁকিপূর্ণ এসব গর্ত পার হতে গিয়ে অনেক সময় যানবাহন থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে খালি গাড়ি পার করতে হচ্ছে চালকদের। এতে একদিকে যেমন গর্ভবতী নারীসহ মুমূর্ষু রোগীদের যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে, অন্যদিকে যানবাহনের যন্ত্রাংশ দ্রুত নষ্ট হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চালকেরা। 
 
সড়কটি বেহাল হওয়ায় সমসপাড়া, বড়সাওতা, মাঝগ্রাম, জগন্নাথপুর, হিঙ্গলকান্দি, পতিসর, লালপাড়া, মনিয়ারী ও মস্কিপুরসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। ​
 
ভ্যানচালক আরিফুল ইসলাম জানান, সড়কটি ভেঙে অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় খুব অল্প পরিমাণ মালামাল নিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে ভ্যানের যন্ত্রাংশ ভেঙে যাওয়ার পাশাপাশি প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। ​
 
পতিসর রবীন্দ্রস্মৃতি সংগ্রহশালার প্রতিষ্ঠাতা এম মতিউর রহমান মামুন বলেন, এই সড়ক দিয়ে দেশ-বিদেশের দর্শনার্থীরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত পতিসর কাছারিবাড়ি দেখতে আসেন। 
 
এ ছাড়া স্থানীয় বাসিন্দারা এই পথে এলাকার সবচেয়ে বড় সমসপাড়া হাটে যান এবং নদী পার হয়ে নাটোরের সিংড়া ও আত্রাই উপজেলা সদরে যাতায়াত করেন। কিন্তু সড়কটি সংস্কার না করায় দিন দিন দুর্ভোগ বেড়েই চলেছে। 
 
​বড়সাওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউন্নবী জানান, সড়কের বেহাল দশার কারণে সামান্য বৃষ্টি হলেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে যায়।
 
 ​এ বিষয়ে বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন খাঁন তোফা জানান, সড়কের করুণ অবস্থার কথা উল্লেখ করে উপজেলা এলজিইডি বরাবর লিখিত আবেদন করা হয়েছে, তবে এখনো সংস্কারকাজ শুরু হয়নি। ফলে এলাকার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। 
 
উক্ত রাস্তা বিষয়ে জানতে চাইলে আত্রাই উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার বলেন, সড়কটি মেরামত ও পুনর্নির্মাণের জন্য প্রাক্কলন (এস্টিমেট) তৈরি করে জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দরপত্র আহ্বান করা হবে। আশা করছি, দ্রুতই প্রক্রিয়া শেষ করে কাজ শুরু করা সম্ভব হবে।