বগুড়ায় শিশু ধর্ষণ মামলায় দুই বীর মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠানো এবং তাঁদের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। শনিবার (২১ নভেম্বর) বগুড়া প্রেসক্লাবে পরিবারের পক্ষ থেকে মোছা. ফাতেমা খাতুন লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে বগুড়া সদর উপজেলার নারুলী তালপট্টি গ্রামের বাসিন্দা ফাতেমা খাতুন দাবি করেন, পৈতৃক ভিটেমাটি থেকে উচ্ছেদ ও সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে প্রতিবেশী মো. মমিন সরকার, তাঁর মা সাহেরা বেওয়া, স্ত্রী সুমাইয়াসহ এলাকার একটি চক্র দীর্ঘদিন ধরে তাঁদের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। এর আগে গত ২৪ অক্টোবর ওই পক্ষ থানায় লুটপাটের অভিযোগ করলেও পুলিশের তদন্তে তা ভিত্তিহীন প্রমাণিত হয় বলে দাবি করেন তিনি।
ফাতেমার অভিযোগ, পরবর্তী সময়ে ওই পক্ষ ক্ষিপ্ত হয়ে তাঁর বয়োবৃদ্ধ বাবা বীর মুক্তিযোদ্ধা শহীদ লুৎফর রহমান (লুদু) ও মা বীর মুক্তিযোদ্ধা মোছা. রহিমা খাতুন (বেলী)-কে জড়িয়ে একটি শিশু ধর্ষণ মামলা দায়ের করে। মামলায় তাঁদের বিরুদ্ধে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের উদ্দেশ্যে নাতি রাহুলের হাতে তুলে দেওয়ার অভিযোগ আনা হয়েছে বলে তিনি জানান।
তবে ফাতেমার দাবি, ঘটনার সময় রাহুল বগুড়া থেকে প্রায় ৩৭২ কিলোমিটার দূরে বাগেরহাটের চিতলমারী উপজেলার কলিগাতি গ্রামে ছিলেন। এ-সংক্রান্ত সিসিটিভি ফুটেজ তাঁদের কাছে সংরক্ষিত রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, মামলা দায়েরের পর ১৩ থেকে ১৫ জনের একটি দল ওই দুই মুক্তিযোদ্ধার ওপর হামলা চালায়। তাঁদের গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় এবং বসতবাড়িতে ভাঙচুর চালিয়ে মালামাল লুট করা হয়। এ ছাড়া ইছাদহ এলাকায় লুৎফর রহমানের ছেলে মো. লিটন সরদারের বাড়িতেও হামলা চালিয়ে আসবাবপত্র ও অন্যান্য মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ করেন ফাতেমা।
সংবাদ সম্মেলন থেকে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কাছে সিসিটিভি ফুটেজ যাচাই করে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে দুই বীর মুক্তিযোদ্ধা ও রাহুলের নিঃশর্ত মুক্তি, লুট হওয়া মালামাল উদ্ধার এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।