রাজশাহীতে বিভাগীয় পর্যায়ের জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু এমপি।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু বলেেন,রাজশাহী তথা এই বিভাগের মানুষ হাসতে জানে ও প্রয়োজনের সময় রুখে দাঁড়িয়ে লড়াই করতে জানে। দেশ ও জাতির স্বার্থে নিজের জীবন উৎসর্গ করতেও পারে।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলায় দেশের যুব সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করে চলেছেন। যাতে এই যুবসমাজ মাদক থেকে দূরে থাকে ও খেলাধুলায় পারদর্শী হয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারে। তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আগামী দিনে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। তিনি সবাইকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আহ্বান জানান।
রাজশাহী শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র। এই রাজশাহী থেকেই জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড় তৈরি হয়েছে। তারা বিশ্বে রাজশাহী এবং বাংলাদেশকে গৌরবের সাথে তুলে ধরেছেন। রাজশাহীর মানুষ খুবই শান্তি ও অতিথি প্রিয়। এই রাজশাহীতে দেখার মত অনেক দর্শনীয় স্থান রয়েছে। আশা করি যারা খেলাধুলা করতে এসেছেন তাদের খুব ভালো লাগবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার, রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদ ও রাজশাহী কোর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আল মামুন কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিকুল করিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং আন্তঃকলেজ পর্যায়ে ক্রীড়াচর্চাকে আরও উৎসাহিত করার সুযোগ সৃষ্টি হবে বলে আয়োজকরা জানিয়েছেন।