অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ও বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টা থেকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) পক্ষ থেকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ও সীমান্তসংলগ্ন এলাকাগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, অবৈধ সীমান্ত পারাপার, অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় মাঠপর্যায়ে নজরদারিও জোরদার করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ নানা অপপ্রচার চালাচ্ছে। দলটির দোসররা যাতে কোনোভাবেই অবৈধ পথে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির টহল এবং নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সীমান্তে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। সীমান্তের সার্বিক নিরাপত্তা বজায় রাখা এবং দেশের স্বার্থ রক্ষায় এ সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।