রিপাবলিক বাংলা ছাড়লেন ময়ূখ রঞ্জন ঘোষ
ভারতের পশ্চিমবঙ্গভিত্তিক টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা ছেড়েছেন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানান।
ময়ূখ রঞ্জন জানান, বুধবার সকালে রিপাবলিক বাংলায় তার শেষ কর্মদিবস ছিল। তবে কী কারণে তিনি প্রতিষ্ঠানটি ছেড়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “হ্যাঁ, ঠিক খবর। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালে শেষ দিন ছিল রিপাবলিক বাংলা সংস্থায়। কেন, কিসের জন্য—সেগুলো নিয়ে কথা বলার দিন আজ নয়। আজ শুধু ঘোষণাটি দিলাম।”
তিনি আরও জানান, চ্যানেল ছাড়ার সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি। তার ভাষায়, “সিদ্ধান্তটা হঠাৎ নয়। মনস্থির করেছিলাম সেই ২০২৫ সালে।”
নিজের সাংবাদিকতার ভূমিকা প্রসঙ্গে ময়ূখ লেখেন, “আমার কাজ গণজ্ঞাপন করা। রাষ্ট্রবাদের হয়ে, হিন্দুত্ববাদের হয়ে জাগরণ। দেশবিরোধী ন্যারেটিভ আটকে দেওয়া।”
চ্যানেল ছাড়ার কারণ সম্পর্কে পরে বিস্তারিত জানাবেন বলেও ইঙ্গিত দেন তিনি। পোস্টে লেখেন, “পরিষ্কার হলো না তো? বেশ, তাহলে কাল আরও বিস্তারিত লিখব।”
চ্যানেল ছাড়ার পর দর্শকদের প্রতিক্রিয়া নিয়েও মন্তব্য করেন ময়ূখ। তিনি লেখেন, “আমি কৃতজ্ঞ যে ময়ূখকে একদল জান দিয়ে যেমন ভালোবাসে, আরেকদল গাল দিতে তেড়ে আসে।”
পরে দেওয়া আরেকটি পোস্টে তিনি জানান, কিছুদিন বিরতি নিয়ে ভ্রমণে যাবেন। এরপর আত্মবিশ্লেষণের পর আবার কাজে ফিরবেন।
ময়ূখ রঞ্জন ঘোষ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ‘মিডিয়া প্রফেশনাল’ হিসেবে পরিচয় দেন। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে তার মন্তব্য ও অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল।
